১০ হাজার কনস্টেবল নিয়োগে বিশাল কর্মসূচি, বিজ্ঞপ্তি প্রকাশ
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে বড় পরিসরে নিয়োগ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পুলিশ। প্রথম ধাপে ১০ হাজার কনস্টেবল নিয়োগের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর আগে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, পুলিশের জনবল বৃদ্ধি বর্তমান সরকারের অগ্রাধিকারের শীর্ষে রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে।
আরও পড়ুন: এসএমসি এন্টারপ্রাইজে চাকরির সুযোগ
মন্ত্রী বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও মেধাভিত্তিক হবে। যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের নির্বাচন করা হবে। কনস্টেবল পদের পাশাপাশি ১৮০টি পুলিশ সার্জেন্ট পদেও শিগগির নিয়োগ সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সাব-ইন্সপেক্টর (এসআই) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে নিয়োগ কার্যক্রমও এগিয়ে চলছে বলে জানান তিনি।
আবেদনের যোগ্যতা
আরও পড়ুন: আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
শিক্ষাগত যোগ্যতা:
স্বীকৃত যেকোনো শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে।
বয়সসীমা:
প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
বৈবাহিক অবস্থা:
আবেদনকারীকে অবিবাহিত হতে হবে।
শারীরিক যোগ্যতা
উচ্চতা (পুরুষ): ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি
উচ্চতা (মহিলা): ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী নির্ধারিত মানদণ্ড অনুসারে হতে হবে
দৃষ্টিশক্তি: চোখের দৃষ্টি ৬/৬ থাকতে হবে
এই বৃহৎ নিয়োগ কার্যক্রমের মাধ্যমে পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়বে এবং মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।





