মানবতাবিরোধী অপরাধ

শেখ হাসিনার বিরুদ্ধে ‘আনুষ্ঠানিক অভিযোগ’ দাখিল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ন, ০১ জুন ২০২৫ | আপডেট: ২:০৫ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।  

রোবাবার (১ জুন) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে তা দাখিল করেন প্রসিকিউশন।

আরও পড়ুন: মুগ্ধসহ ১১ হত্যা মামলায় ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

ছাত্র-জনতার গণআন্দোলনে গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর ১৪ আগস্ট সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়।

সেই অভিযোগের তদন্ত শুরু হয় গত বছর ১৪ অক্টোবর। ছয় মাস ২৮ দিনে তদন্ত শেষ করে গত ১২ মে শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আরও পড়ুন: জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে: গাজী নজরুলের বিষয়ে আদালত

জুলাই হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য দুই আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন।

চিফ প্রসিকিউটরের কাছে দাখিল করা তদন্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতনের নির্দেশনার দায়সহ মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। আগামী ২৪ জুন ট্রাইব্যুনালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্ধারিত তারিখ থাকলেও আজ (রবিবার) তা দাখিল করার কথা জানান চিফ প্রসিকিউটর।

জুলাই-আগস্টের গণ-আন্দোলনে রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় জনকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি (ঢাকা মহানগর পুলিশ) কমিশনারসহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার ‘আনুষ্ঠানিক অভিযোগ’ গত ২৫ মে দাখিলের পর আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৩ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।