গুলশানে ফ্ল্যাট জালিয়াতি

টিউলিপ সিদ্দিকসহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৫৬ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং একজন আরও ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের চার্জশিট গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অপর আসামি হলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন। আসামিদের গ্রেপ্তারসংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য করা হয়েছে।

গত বছরের ১৫ এপ্রিল, ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে দুদক রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে। অভিযোগ করা হয়, তারা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই ফ্ল্যাটটি দখল ও পরে রেজিস্ট্রি করেন।

আরও পড়ুন: রমজানে স্কুল বন্ধের আদেশ স্থগিত

চলতি বছরের জুলাই মাসে আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে একটি রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে তার তদন্ত তিন মাসের জন্য স্থগিত করা হয়। পরে চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়।

গত ১১ ডিসেম্বর, তদন্ত শেষে দুদক দণ্ডবিধি-এর ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।