দুর্নীতির অভিযোগে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ
দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে আলোচিত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। তার পাঠানো পদত্যাগপত্র ইতোমধ্যে রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সুপ্রিম কোর্টে জমা দেওয়া এ পদত্যাগপত্র পরবর্তীতে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
আরও পড়ুন: বহুল আলোচিত এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলায় রায়
এর আগে বিচারপতি রেজাউল হাসানের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং অসদাচরণের অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আবেদন করা হয়। শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক এ অভিযোগ দায়ের করেন।
আবেদনে অভিযোগগুলো তদন্ত করে প্রমাণিত হলে সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন সুবিধা
অভিযোগে উল্লেখ করা হয়, ২০১০ ও ২০১১ সালে দায়ের হওয়া দুটি কোম্পানি সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। একটি মামলায় সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকলেও রায়ে তার বক্তব্য উল্লেখ করা হয়, যা পরবর্তীতে আপিল বিভাগ বাতিল করে দেয়।
এছাড়া অন্য একটি মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষভুক্ত না করেই তার প্রায় ১৩ লাখ শেয়ার বাতিল করা হয় বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগকারী দাবি করেন, এ ধরনের সিদ্ধান্ত ন্যায়বিচারের মৌলিক নীতির পরিপন্থি।





