রামিসা হত্যা মামলার রায় রোববার

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ন, ০৪ জুন ২০২৬ | আপডেট: ৬:৫৯ অপরাহ্ন, ১২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণার জন্য আগামী রোববার (৭ জুন) দিন নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ তারিখ ধার্য করেন।

আরও পড়ুন: হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

আদালত সূত্রে জানা যায়, গত ১ জুন মামলার দুই আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয়। পরদিন অভিযোগপত্রভুক্ত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। পরে আত্মপক্ষ সমর্থন শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।

এর আগে ২৪ মে ট্রাইব্যুনাল মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। একই দিন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষ মোট ১৭ জনকে সাক্ষী হিসেবে তালিকাভুক্ত করেছে।

আরও পড়ুন: সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

মামলার নথি অনুযায়ী, নিহত রামিসা রাজধানীর একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকালে বাসা থেকে বের হওয়ার পর তাকে কৌশলে একটি কক্ষে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে শিশুটিকে খুঁজতে গিয়ে পরিবারের সদস্যরা সন্দেহভাজনদের কক্ষের সামনে তার জুতা দেখতে পান। দীর্ঘ সময় সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে হেফাজতে নেয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপর আসামিকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ২০ মে নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। আলোচিত এ মামলার রায়কে ঘিরে সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।