সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন কারাগারে
বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল অভিনেতা ডন হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।
এর আগে রোববার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডন হককে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়।
আরও পড়ুন: তনু হত্যা মামলায় হাফিজুর রহমানের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
ডন হক জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে এবং তিনি পুনরায় পলাতক হতে পারেন—এমন আশঙ্কায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডির পরিদর্শক আরিফুর রহমান।
আবেদনে বলা হয়, ডন হক দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে পুলিশ হেফাজতে এনে মামলার বিষয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি পুনরায় পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তার জামিনের বিরোধিতা করে তাকে জেলহাজতে রাখার আবেদন করে সিআইডি।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডের বিধান বহাল থাকায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালে প্রসিকিউটর
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। দীর্ঘদিন ধরে তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা থাকলেও তদন্তের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালত সালমান শাহ হত্যা মামলা পরিচালনার নির্দেশ দেন।
ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন। আদালতের নির্দেশে সালমান শাহর সাবেক স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে গত বছরের ২০ অক্টোবর তার মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য রয়েছে।
মামলার আসামিরা হলেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খলচরিত্রের অভিনেতা ডন হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।
সালমান শাহ অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে ১৯৯৩ সালে মুক্তি পায় ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘দেন মোহর’ ও ‘তোমাকে চাই’। ১৯৯৪ সালে মুক্তি পায় ‘বিক্ষোভ’, ‘আনন্দ অশ্রু’, ‘চাওয়া থেকে পাওয়া’ ও ‘বিচার হবে’। ১৯৯৫ সালে মুক্তি পায় ‘জীবন সংসার’, ‘মহামিলন’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘স্বপ্নের ঠিকানা’ ও ‘এই ঘর এই সংসার’সহ আরও কয়েকটি চলচ্চিত্র।





