জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ
রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এ বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখকে বরণ করে নেন ক্লাবের সদস্য ও তাদের পরিবারবর্গ।
সকালে ক্লাব প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ উৎসবের সূচনা হয়। প্রেস ক্লাব সদস্যদের সন্তানদের কণ্ঠে ‘এসো হে বৈশাখ এসো’ গানের পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর একে একে বাউল, ভাওয়াইয়া ও দেশীয় সংগীত পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।
আরও পড়ুন: বাংলাবাজার পত্রিকার মাল্টিমিডিয়া সংবাদকর্মী আতিক ইশরাতের জন্মদিন আজ
সকাল ৮টা থেকে সদস্য ও তাদের পরিবারের জন্য ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়। প্রাতঃরাশে ছিল খই, মুড়ি-মুড়কি, পায়েস, বাতাসা, খিচুড়ি ও পান্তা-ইলিশ। মধ্যাহ্নভোজেও দেশীয় নানা পদ উপভোগ করেন উপস্থিত অতিথিরা।
সাংস্কৃতিক পর্বে বাউল সংগীত পরিবেশন করেন পুতুল বাউল, উপমা বাউল, উল্কা হোসেন, ইমু বাউল ও শামিম বাউল। এছাড়া শিল্পকলা একাডেমির শিল্পী সোহানুর রহমান, আবিদা রহমান সেতু ও মোহনা দাস সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচ।
আরও পড়ুন: চারঘাট প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি বাচ্চু ও সম্পাদক সুজন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বাংলা নববর্ষ দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের বহুমাত্রিক রূপকে ধারণ করে এবং এটি সকল ধর্ম-বর্ণের মানুষের মিলনমেলায় পরিণত হয়। নববর্ষ উদযাপন আমাদের সম্মিলিত ঐক্য ও সম্প্রীতির প্রতীক বলেও উল্লেখ করেন তিনি।
বাংলা সনের ইতিহাস তুলে ধরে মন্ত্রী বলেন, মোগল আমলে হিজরি সনের ভিত্তিতে কৃষিভিত্তিক অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলা সনের প্রবর্তন করা হয়, যা আজও আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নের পাশাপাশি নিজস্ব সংস্কৃতি ও চিন্তাকে এগিয়ে নেওয়া জরুরি। এ ক্ষেত্রে জাতীয় প্রেস ক্লাবের ধারাবাহিক সাংস্কৃতিক আয়োজন প্রশংসনীয়।
সকাল ৯টায় ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক কাদের গণি চৌধুরী। এ সময় আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক কাজী রওনাক হোসেন। এ সময় কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, মাসুমুর রহমান খলিলী, একেএম মহসীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক ও তাদের পরিবার উপস্থিত ছিলেন।





