কবি আল মুজাহিদীর মৃত্যুতে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের শোক
প্রখ্যাত কবি, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও সাহিত্যিক আল মুজাহিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)।
শুক্রবার (১৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় সংগঠনটির আহ্বায়ক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: ‘প্রশাসনে ঘাপটি মেরে থাকা দোসররা জাতির প্রত্যাশা পূরণে বাধা সৃষ্টি করছে’
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, কবি আল মুজাহিদী বাংলা সাহিত্য ও সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন। ষাটের দশকের অন্যতম প্রধান কবি হিসেবে তিনি তার স্বতন্ত্র কাব্যভাষা, সৃজনশীলতা এবং ক্ষুরধার লেখনীর মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।
তারা আরও বলেন, সাংবাদিকতা পেশায় দীর্ঘ কর্মজীবনে আল মুজাহিদী সাহসী, দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তার কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
আরও পড়ুন: জিডিজেএফ-এর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
শোকবার্তায় উল্লেখ করা হয়, সাহিত্যচর্চার পাশাপাশি মুক্ত গণমাধ্যম, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাহসী সাংবাদিকতার বিকাশে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যু দেশের সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
ন্যাশনাল এডিটরস কাউন্সিল মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা জানায়, যেন তিনি শোকাহত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।





