ঢাকা-১৭ আসনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

Babul khandakar
বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৩ | আপডেট: ২:০১ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনসহ স্থানীয় সরকারের ৭৮টি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয়েছে বিকেল ৪টায়। এখন চলছে গণনা। ব্যালট পেপারে ভোট হওয়ায় ফলাফল জানতে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে বলে ইসি সূত্রে জানা গেছে। 

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি খুব বেশি ছিল না। এছাড়া স্থানীয় সরকারের বাকি যে নির্বাচনগুলো হয়েছে সেখানে অপ্রীতিকর কোনও ঘটনার খবর পাওয়া যায়নি।  ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটের পরিবেশ ভালো ছিল বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। তিনি বলেন, আমি বনানী বিদ্যা নিকেতন কেন্দ্রে গিয়েছিলাম। দু’একটা কক্ষ দেখেছি। সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখেছি। এজেন্ট আছে একটা প্রার্থীর, সেটা দেখেছি। প্রিজাইডিং অফিসার বলেছেন- কিছু কিছু এজেন্টের তালিকা এখনো আসেনি, হয়তো পৌঁছাবে। ভোটের পরিবেশ ভালো, তেমন কিছু নজরে আসেনি। সিসি ক্যামেরায় অনিয়ম দেখিনি। পরিবেশ ভালো।

আরও পড়ুন: তিন সিটিতে আগে নির্বাচনের ইঙ্গিত স্থানীয় সরকারমন্ত্রীর