প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ৯:২১ পূর্বাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তিনি।

সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আরও জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নিয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। 

বৈঠক শেষে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি/সমঝোতা স্মারক স্বাক্ষর সই হতে পারে।  

আরও পড়ুন: র‍্যাবের এডিজি ও রংপুর কমিশনারসহ পুলিশের উর্ধ্বতন ১৭ কর্মকর্তার রদবদল

দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রবিবার সন্ধ্যায় দিল্লি থেকে ঢাকায় এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ম্যাক্রোঁকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বৈঠকে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি স্যাটেলাইট ও উড়োজাহাজের বিষয়ে এয়ারবাসের সঙ্গে দুটি এবং স্থানীয় সরকার প্রকল্পে অর্থায়নের জন্য একটি সম্মতিপত্র সই হবে। বৈঠক শেষে দুই শীর্ষ নেতা যৌথ প্রেস ব্রিফিং করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হওয়ার আগে ফরাসি প্রেসিডেন্ট সেখানে রাখা দর্শনার্থী বইয়ে সই করবেন।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সকালে তিনি ধানমন্ডি-৩২ নম্বরে যান তিনি। সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কর্মকর্তারা।   

রবিবার রাত সোয়া ৮টার দিকে ম্যাক্রোঁকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে ম্যাক্রোঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে তাকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়।