কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু, আহত মা

Shahrier Islam Pallab
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:৫০ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোণার কেন্দুয়ায় বাড়ির পাশে খেলার সময় বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছে দুই শিশু ভাই। তাদের বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন মা। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো—মো. আব্দুস সাত্তার ও পান্না দম্পতির ছেলে মুয়াজ (৬) ও আরাফাত (৪)। তারা ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, রোববার সকালে বাড়ির পাশে খেলছিল মুয়াজ ও আরাফাত। এ সময় ঘরের পাশে থাকা একটি আর্থিংয়ের তারের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয় এক শিশু। ভাইকে বিপদে পড়তে দেখে তাকে উদ্ধার করতে এগিয়ে যায় অন্যজন। এতে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

আরও পড়ুন: শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে গ্রামবাসীদের মানববন্ধন

এদিকে ঘটনার সময় শিশু দুটির বাবা-মা পাশের গোয়ালঘরে গাভির দুধ সংগ্রহ করছিলেন। সন্তানদের চিৎকার শুনে মা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাদের বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হয়ে আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তিনজনকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আহত মাকে ওই হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন: বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

কেন্দুয়া পেমই পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. বাবুল মিয়া স্বজনদের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, আর্থিংয়ের তারে সাধারণত বিদ্যুৎ থাকার কথা নয়। তবে সুইচবোর্ড থেকে কোনোভাবে ওই তারে বিদ্যুৎ প্রবাহিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণেই দুই শিশু বিদ্যুতায়িত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।