তেজগাঁওয়ে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, নিহত ৪
রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি বগি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টায় ট্রেনে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, মঙ্গলবার ভোর ৫টা ৪ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩টি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আমাদের ৩টি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নির্বাপণ করে। একটি বগি থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন যাত্রীদের বরাত দিয়ে জানান, ট্রেনটি নেত্রকোনা থেকে ঢাকায় আসছিল। বিমানবন্দর স্টেশন পার হওয়ার পর যাত্রীরা পেছনের বগিতে আগুন দেখতে পান। এর পর চালক ট্রেনটি তেজগাঁও স্টেশনে থামান।
আরও পড়ুন: এবার ফ্যাসিস্ট দোসরদের অপতথ্যের শিকার তথ্য সচিব
মরদেহগুলোর মধ্যে একজন শিশু, একজন নারী ও দুজন পুরুষ। এর মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— নাদিরা আক্তার পপি (৩৫) এবং তার তিন বছরের শিশুসন্তান ইয়াসিন।
প্রসঙ্গত, নির্বাচন স্থগিত ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ঘোষণা দিয়েছে বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপি)। তাদের এই হরতালে শুরুর ঠিক আগ মুহূর্তে ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটল।
এর আগে গত ১৩ ডিসেম্বর ভোরে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহল্লাদপুর ইউনিয়নের বনখড়িয়ার চিলাই ব্রিজসংলগ্ন এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় এক যাত্রী নিহত এবং ট্রেনের লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন।





