রাজধানীতে হবে টয়লেটসহ ট্রাফিক বক্স, বাজেট ১০ কোটি টাকা

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ১০:২৯ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকা শহরে টয়লেটসহ ট্রাফিক বক্স করে দেবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এজন্য ১০ কোটি টাকা বাজেট করা হয়েছে বলেও জানা তিনি।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সভায় তিনি এ কথা জানান।

আরও পড়ুন: দায়িত্বে অবহেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা বরখাস্ত

মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন যে ট্রাফিক পুলিশ বক্সগুলো করছে, আপনাদের নিয়ে আমরা যৌথভাবে পুলিশ বক্স করে দেব। প্রত্যেকটি পুলিশ বক্সে টয়লেট, পানি ও বসার জন্য ব্যবস্থা করা হবে। পুলিশ বক্স করার জন্য ১০ কোটি টাকা বাজেট করা হয়েছে। আমরা প্রত্যেকটি পুলিশ বক্স আধুনিক করে দেব।

মেয়র আরো বলেন, যানজট নিরসনে নতুন গাড়ি রেজিস্ট্রেশনের সময় পুরাতন গাড়ি জমা দিতে হবে। এ ছাড়া নতুন করে কোনো রেজিস্ট্রেশন দেওয়া হবে না। যানজট নিরসনে এ ধরনের আইন করা ছাড়া উপায় নেই। ঢাকা শহরে এত গাড়ি কোথায় জায়গা দেব। শুধু গাড়ি আর গাড়িতে ভরে যাচ্ছে ঢাকা।

আরও পড়ুন: নিজেই ড্রাইভ করে ঢাকার বর্জ্য অপসারণ কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশ ও ডিএনসিসি মিলে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। আমরা পুলিশকে ডাকামাত্রই পেয়ে যাই। ডিএমপি ও ডিএনসিসি যদি আমরা একসঙ্গে কাজ করতে পারি তাহলে ঢাকা শহরকে একটি সুন্দর মডেল শহর হিসেবে গড়ে তুলতে পারব।

পুলিশের উদ্দেশে মেয়র আতিক বলেন, আপনারা রোদ, বৃষ্টি উপেক্ষা করে দিন নেই, রাত নেই মানুষের পাশে দাঁড়ান। করোনার সময় দেখেছি কীভাবে আপনারা মানুষের পাশে দাঁড়িয়েছেন। সন্তানরা ফেলে গেলেও পুলিশ তার পাশে দাঁড়িয়েছে।

মেয়র বলেন, আমরা একটি নতুন পদক্ষেপ নিতে যাচ্ছি। সেটি হলো, ওয়ানস্টপ পার্কিং সুবিধা। এই পার্কিং ডিজিটাল পদ্ধতি ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ডিএমপি একসঙ্গে কাজ করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির মাধ্যমে কীভাবে ঢাকায় ট্রাফিক লাইটগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি সেই পরিকল্পনা ইতোমধ্যে শুরু হয়েছে।