মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গেলেন প্রধানমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ন, ০৮ জুন ২০২৪ | আপডেট: ১১:২৫ পূর্বাহ্ন, ০৮ জুন ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের জন্য নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশের একটি স্পেশাল ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে শনিবার (৮ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা ত্যাগ করে। প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফ্লাইটটি নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ার ফোর্স স্টেশনে অবতরণের পর প্রধানমন্ত্রীকে একটি উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধিদল এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান অভ্যর্থনা জানাবেন। নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর তার ভারতীয় সমকক্ষ নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন।

আরও পড়ুন: দ্বিগুণ হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতা

পরে তিনি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী রোববার নয়াদিল্লিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। শেখ হাসিনা নয়াদিল্লি ত্যাগ করার আগে কিছু অফিসিয়াল কাজ শেষ করে সোমবার বিকেল ৫টায় (নয়াদিল্লি সময়) পালাম এয়ার ফোর্স স্টেশনে পৌঁছাবেন এবং রাত ৮টায় (বাংলাদেশ সময়) তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে ভারতের নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান হওয়ার কথা ছিল শুক্রবার। তবে এই অনুষ্ঠান পিছিয়ে রবিবার নেওয়া হয়েছে। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর শুক্রবারের পরিবর্তে আজ শনিবার করা হয়।

আরও পড়ুন: বিরোধী দলের ওপর ‘স্বৈরাচারের ভূত’ ভর করেছে: তারেক রহমান

এর আগে বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে কথোপকথনের সময় তার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা আমন্ত্রণ গ্রহণ করেন।

১৮তম লোকসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ ২৯৩টি আসনে বিজয়ী হয়েছে। মোদি ৯ জুন সন্ধ্যায় শপথ নেবেন বলে আশা করা হচ্ছে। এ নির্বাচনে বিরোধী জোট ভারত ব্লক ২৩৪টি আসন পেয়েছে। এর আগে ৮ জুন সকালে শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।