পাসপোর্ট ইস্যুতে প্রবাসীদের সুসংবাদ দিলেন আইন উপদেষ্টা
মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধানে সুসংবাদ দিয়েছেন আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, আগামী ১৫ ডিসেম্বর থেকে প্রবাসীরা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওতে এ সুখবর দেন আইন উপদেষ্টা।
প্রবাসীদের উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন, আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে আমরা জানি। ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। যারা আবেদন করেছেন তিন থেকে চার সপ্তাহের মধ্যে তারা এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন।
আরও পড়ুন: দ্বিগুণ হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতা
পাসপোর্ট প্রাপ্তিতে সৌদি ও মালয়েশিয়ায় অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে আইন উপদেষ্টা বলেন, প্রথম প্রায়োরিটি দেওয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়াতে। এরপর যেসব কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে সমস্যাটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। এতো পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে ইনশাল্লাহ আগামী দুই তিন বছরে এই সমস্যা আর হবে না।
পাসপোর্টের জন্য প্রবাসীদের ভোগান্তির ঘটনায় দুঃখপ্রকাশ করে আসিফ নজরুল বলেন, এই সমস্যাটা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। সেখানে তৎকালীন যে মন্ত্রী ছিলেন উনি পাসপোর্টের ছাপানোর কাজটা ওনার এক পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই প্রক্রিয়ায় রেজিস্ট্যান্স করতে গিয়ে টেন্ডারিং করতে গিয়ে দেড় বছর সময়ক্ষেপণ হয়। পুরো প্রক্রিয়াটা বাতিল করে ফাস্টেস্ট ওয়েতে যাওয়ার জন্য টাইম লেগেছে। আপনাদের অনেক কষ্ট হয়েছে। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ ১৫ ডিসেম্বর থেকে আপনারা পাসপোর্ট পাওয়া শুরু করবেন।
আরও পড়ুন: বিরোধী দলের ওপর ‘স্বৈরাচারের ভূত’ ভর করেছে: তারেক রহমান
উল্লেখ্য, পাসপোর্টের জন্য সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে হাহাকার চলছে। বিশেষ করে শ্রমিক অধ্যুষিত দেশগুলোতে এই সংকট প্রকট আকার ধারণ করেছে। সৌদি আরব,ইতালি, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতে পাসপোর্টের মেয়াদ না থাকায় ভিসা নবায়ন বন্ধ, দেশে জরুরি কাজে ভ্রমণে আসতে না পারাসহ নানা জটিলতায় পড়েছেন প্রবাসীরা।





