প্রধানমন্ত্রীকে নিয়ে টিকটকে আপত্তিকর মন্তব্য, পুলিশ যাওয়ার আগেই জানালা ভেঙে পালালেন নারী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ন, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:০৮ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে টিকটকে আপত্তিকর মন্তব্যসংবলিত ভিডিও প্রকাশের অভিযোগে চুয়াডাঙ্গায় এক নারীকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভিডিওটি প্রকাশের পর তাঁকে বাড়িতে আটকে রাখা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছানোর আগেই জানালা ভেঙে পালিয়ে যান ওই নারী। শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নারীর নাম ঝর্ণা আক্তার (৩৫)। তিনি ওই গ্রামের কাদির হোসেনের স্ত্রী। তাঁর বাবার বাড়ি বরিশালে।

স্থানীয়দের ভাষ্য, ঝর্ণা নিয়মিত টিকটক ভিডিও তৈরি করেন। সম্প্রতি তাঁর টিকটক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটি স্থানীয়দের নজরে আসার পর এলাকায় সমালোচনা শুরু হয়।

আরও পড়ুন: লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় মেডিকেল টেকনোলজিস্টসহ প্রাণ গেল ৩ জনের

একপর্যায়ে স্থানীয় লোকজন তাঁর বাড়িতে গিয়ে একটি কক্ষে আটকে রাখেন এবং পুলিশকে খবর দেন। তবে পুলিশের আসার খবর পেয়ে ঘরের পেছনের জানালা ভেঙে সেখান দিয়ে পালিয়ে যান তিনি। এ বিষয়ে ঝর্ণা আক্তারের স্বামী কাদির হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এ ধরনের ভিডিও তৈরি করে খারাপ মন্তব্য করা তাঁর স্ত্রীর উচিত হয়নি।

চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, শনিবার সকালে দলীয় নেতাকর্মীদের নজরে আসে টিকটকের ভিডিওটি। পরে স্থানীয় নেতাকর্মীরা ওই নারীকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান।

আরও পড়ুন: জয়পুরহাটে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলু ক্ষেত ও পাকা ধান

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে টিকটক ভিডিও প্রকাশের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই নারী পালিয়ে যান। তাঁকে আটকের চেষ্টা চলছে।