সেনাবাহিনীর মহড়া দেখতে রাজবাড়ীতে প্রধান উপদেষ্টা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ন, ০৫ জানুয়ারী ২০২৫ | আপডেট: ৫:২৩ পূর্বাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেড গ্রুপের শীতকালীন মহড়া দেখতে রাজবাড়ীতে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৫ জানুয়ারি) বেলা ১১টা ৫৪ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারে রওনা হয়ে দুপুর সাড়ে ১২টা ৩৬ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কালুখালীর মিলিটারি ট্রেনিং এরিয়ার চর খাপুড়ায় হেলিপ্যাডে অবতরণ করেন।

জানা গেছে, রাজবাড়ীর কালুখালী উপজেলার রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ার (আরএমটিএ) চর খাপুড়া ও চর রামনগর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই শীতকালীন ম্যানুভার অনুশীলন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অনুশীলন স্থলে অভ্যর্থনা জানাবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।

এরপর তিনি প্রায় ১ ঘণ্টাব্যাপী ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করবেন। এরপর সমাপনী বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত থাকবেন অন্যান্য উপদেষ্টা, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণ্যমাধ্যম ব্যক্তিরা।

আরও পড়ুন: এবার ফ্যাসিস্ট দোসরদের অপতথ্যের শিকার তথ্য সচিব

ম্যানুভার অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন প্রকারের অত্যাধুনিক ট্যাংক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডোসহ সব আর্মস ও সার্ভিসেস এবং বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশনের বিমান, হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো অংশগ্রহণ করবে বলে জানা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) একই অনুষ্ঠানে যোগ দিতে রাজবাড়ী যাওয়ার কথা ছিল প্রধান উপদেষ্টার। তবে, বৈরী আবহাওয়া এবং ঘন কুয়াশার কারণে হেলিকপ্টর উড্ডয়ন করতে না পারায়, তার ওই কর্মসূচি স্থগিত করা হয়।