দেশমাতৃকার কল্যাণে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে: সেনাপ্রধান

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৫ | আপডেট: ৪:১২ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে’ এই মূলমন্ত্র বুকে ধারণ করে অতীতের মতো ভবিষ্যতেও দেশমাতৃকার কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে থাকবে।

মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকা সেনানিবাসের ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স’-এ জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এই আয়োজনে ৭২ জন আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: দায়িত্বে অবহেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা বরখাস্ত

জুলাই গণ-অভ্যুত্থান অংশগ্রহণকারী যোদ্ধাদের জাতির গর্ব হিসেবে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, এই আন্দোলনে তরুণ সমাজ শুধু অংশগ্রহণই করেনি বরং কিভাবে সত্য ও সঠিক পথে ন্যায়সঙ্গত দাবি আদায় করা যায় সেই অনুপ্রেরণা জুগিয়েছে।

তিনি বলেন, দেশপ্রেম, জাতীয়তাবোধ, সততা, মানবিকতাবোধ ও নিয়মানুবর্তিতার সমন্বয়ে সকলে একতাবদ্ধ হয়ে কাজ করলে এই দেশ সমৃদ্ধির শিখরে আরোহণ করে একটি সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। সেই স্বপ্ন পূরণে সকলকে একযোগে কাজ করার অনুরোধ জানাচ্ছি।

আরও পড়ুন: নিজেই ড্রাইভ করে ঢাকার বর্জ্য অপসারণ কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে আহত এবং নিহতদের প্রতিটি পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়।