আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য সম্পাদক, দায়ীদের শাস্তির দাবি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ন, ২৭ মে ২০২৬ | আপডেট: ১০:২৯ অপরাহ্ন, ২৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। পরিদর্শনকালে তিনি হাসপাতালের মহাপরিচালক, পরিচালক, সহকারী পরিচালক এবং নবজাতকদের নিবিড় পরিচর্যা ইউনিটের দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য নেন।

এ সময় তিনি নিহত নবজাতকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং হাসপাতাল কর্তৃপক্ষকে শিশুদের চিকিৎসা ব্যয় ও হাসপাতালের বিল মওকুফের পাশাপাশি মরদেহ নিজ নিজ বাসস্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুন: রামিসার পরিবারকে সমবেদনা জানালেন রিজভী, বিচার নিশ্চিতের আশ্বাস

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম বলেন, “যে মায়েরা সন্তানদের নিয়ে আনন্দের সঙ্গে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন, এই মর্মান্তিক ঘটনায় তাদের সব আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।”

তিনি আরও বলেন, “ঘটনার পেছনে কারও গাফিলতি বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে একই ধরনের জটিলতায় আক্রান্ত অন্য কোনো নবজাতক হাসপাতালে রয়েছে কি না, তা খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা জরুরি।”

আরও পড়ুন: মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করছে: রিজভী

এছাড়া ছয় নবজাতকের মৃত্যুর খবর জানার পরপরই অধ্যাপক ডা. রফিকুল ইসলাম স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বলেও উল্লেখ করা হয়।