বিমসটেক সমুদ্র পরিবহন চুক্তি সই

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০৫ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ১:০৯ পূর্বাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বঙ্গোপসাগরীয় সাত দেশের জোটের মধ্যে সামুদ্রিক পরিবহনে সহায়তার লক্ষ্যে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) জোটের পররাষ্ট্রমন্ত্রীরা একটি চুক্তিতে সই করেছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীদের ২০তম বৈঠকের আগে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি আঞ্চলিক সংযোগ বাড়ানোর জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। চুক্তির মূল লক্ষ্য হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে সমুদ্রপথে বাণিজ্য ও পরিবহন সুবিধা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক শক্তিশালী করা।

আরও পড়ুন: আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তার বক্তৃতায় বিমসটেক জোটের মধ্যে অভিন্ন দৃষ্টিভঙ্গি গঠন এবং সম্মিলিত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনের জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বিশেষভাবে বিমসটেক মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়নের মাধ্যমে আন্তঃআঞ্চলিক বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয়তা ও ফলপ্রসূ সহযোগিতার ওপর জোর দেন।

এছাড়া, বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গার বিষয়টি উত্থাপন করেন তৌহিদ হোসেন। পাশাপাশি মিয়ানমার থেকে জোর করে বাস্তুচ্যুত এসব নাগরিকদের (রোহিঙ্গা) অধিকার ও নিরাপত্তার সঙ্গে তাদের ভূমিতে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারের অনুকূল পরিবেশ তৈরির কথাও বলেন তিনি।

আরও পড়ুন: ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে প্রধানমন্ত্রী তারেক রহমান

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি আঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।