মাইলস্টোন দুর্ঘটনায় বিমান বাহিনীর পরিচালিত কার্যক্রম
সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি-এর দিকনির্দেশনায় বিমান বাহিনীর প্রতিনিধি দল আজ মঙ্গলবার (২৯-৭-২০২৫) সাম্প্রতিক দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঢাকা জেলার কোমলমতি শিক্ষার্থী (১) সারিয়া আক্তার, (২) নুসরাত জাহান আনিকা, (৩) জুনায়েদ হাসান, (৪) ওয়াকিয়া ফেরদৌস নিধি, (৫) মারিয়াম উম্মে আফিয়া, (৬) আফনান ফাইয়াজ; শরীয়তপুর জেলার শিক্ষার্থী (৭) আব্দুল্লাহ শামীম; এবং লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থী (৮) সায়ান ইউসুফ; এবং সাভারে শ্রদ্ধেয় অভিভাবক (৯) লামিয়া আক্তার সোনিয়া-এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে।
বিমান বাহিনীর প্রতিনিধি দল মরহুম/মরহুমাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে। একই দিনে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লউসি, পিএসসি কোমলমতি শিক্ষার্থী আব্দুল্লাহ শামীমের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।
আরও পড়ুন: দেশ গঠনের প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
এছাড়াও, বিমান বাহিনীর পৃথক একটি প্রতিনিধি দল শরীয়তপুর জেলার নিহত কোমলমতি শিক্ষার্থী তাসনিম আফরোজ আয়মানের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে। এসময় সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) ও বিমান বাহিনীর প্রতিনিধি দল শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে। শোকাহত পরিবারগুলোর যেকোনো প্রয়োজনে সর্বদা পাশে থাকার এবং বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতদের পরিবারগুলোকে যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।





