সংস্কার সংস্কার করে কালক্ষেপণ করলে ভয়ংকর বিপদ ডেকে আনবে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার সংস্কার করে কালক্ষেপণ করলে ভয়ংকর বিপদ ডেকে আনবে। তিনি বলেন, মইন উদ্দিন-ফখরুদ্দিন সরকারের সংস্কার আমরা দেখেছি। সে সংস্কারের পর শেখ হাসিনার দানব সরকার এনেছিল, ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। জাতি পেয়েছিল ভয়ংকর ফ্যাসিস্ট সরকার। বর্তমানে আবার অতি সংস্কারের কথা বলা হচ্ছে, যার কারণে মহাবিপদ ডেকে আনতে পারে।
তিনি আজ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক দল আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন।
আরও পড়ুন: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
বিএনপির মুখপাত্র বলেন, আমরা ১/১১ সরকারের সংস্কারের কথা ভুলে যাইনি। তৎকালীন সিইসি শামসুল হুদা বিএনপির গঠনতন্ত্র ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সে মইন উদ্দিন-ফখরুদ্দিনের সরকার সংস্কার করে এমন এক দানব সরকার ক্ষমতায় এনেছিল, যে সরকার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল, যারা দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। ইলিয়াস আলী, চৌধুরী আলম, জাকির, সুমনসহ অগণ্য বিএনপি নেতাকর্মীদের গুম করে, খুন করে ভয়াবহ দুঃশাসন কায়েম করেছিল। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। মানুষের ভোটের অধিকার, বাকস্বাধীনতাকে কেড়ে নিয়ে একদলীয় বাকশাল কায়েম করেছিল। আমরা এমন অতি সংস্কার চাই না। দেশের স্বার্থে, মানুষের প্রয়োজনে যে প্রয়োজনীয় সংস্কার দরকার, বিএনপি সেটিকে সমর্থন করে। তাই সামনে অনেক সময় রয়েছে, প্রয়োজনীয় সংস্কার শেষ করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে সময় ঘোষণা করা হয়েছে, সেই ঘোষিত সময়েই নির্বাচন দিন।
বিএনপি নেতা বলেন, বেগম খালেদা জিয়া হলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তাঁর দেখানো পথ ধরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
আরও পড়ুন: পদত্যাগের পর বঙ্গভবনের চারপাশে উৎসুক জনতার ভিড়
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিক আহসানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল। এ সময় ইয়াসিন আলী, ডা. জাহিদুল কবিরসহ স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মোহাম্মদপুরে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন রুহুল কবির রিজভী। এ সময় বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করীম শাহিন, নির্বাহী কমিটির সদস্য মাহবুব ইসলাম, ছাত্রদল নেতা ডা. তৌহিদুর রহমান আউয়াল, রাজু আহমেদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





