শেখ হাসিনাকে 'গণহত্যাকারী' হিসেবে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির ইঙ্গিত
জাতীয় পাঠ্যপুস্তকে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।
আরও পড়ুন: ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: পবিত্র আশুরার বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান
পোস্টে উপদেষ্টা আসিফ লেখেন, “প্রজন্ম থেকে প্রজন্মের কাছে ‘২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে। বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস এবং সাম্প্রতিক চারটি জাতীয় নির্বাচনের তথ্য।”
তিনি আরও জানান, আগামী ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে এই পরিবর্তনগুলো প্রতিফলিত হবে।
আরও পড়ুন: নিবন্ধন অধিদপ্তরে প্রথম নারী মহাপরিদর্শক শামীমা আফরোজ
পোস্টের সঙ্গে যুক্ত একটি পোস্টারে দাবি করা হয়, “বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসাবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম।” যদিও এই তথ্য নিয়ে এখনো কোনো সরকারি ঘোষণায় বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি, তবে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ব্যাপক গণআন্দোলন এবং সরকারবিরোধী বিক্ষোভ সংঘটিত হয়, যার পরিপ্রেক্ষিতে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আমূল পরিবর্তন আসে।





