আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা শুরু

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:৫১ অপরাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় শুরু হয়েছে ‘আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৫’। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নৌবাহিনী সদর দপ্তর সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

বানৌজা হাজী মহসীনের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। তিনি প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তা, অংশগ্রহণকারী খেলোয়াড়সহ সামরিক ও অসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনীর মোট ১২২ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত ১০০ মিটার চিৎ সাঁতার ও ৪x১০০ মিটার দলগত মুক্ত সাঁতার প্রতিযোগিতায় উভয় ক্ষেত্রেই প্রথম স্থান অধিকার করে বাংলাদেশ নৌবাহিনী। দ্বিতীয় স্থান অর্জন করে সেনাবাহিনী।

প্রতিযোগিতা শেষে আগামী ১৮ সেপ্টেম্বর নৌবাহিনী সদর দপ্তর সুইমিং কমপ্লেক্সে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, নিয়োগ পাবে ১৪ হাজার ৩৮৫ জন