চেয়ারপারসন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী
জাতীয় মানবাধিকার কমিশন গঠন
এক বছরের বেশি সময় অকার্যকর থাকার পর জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে কমিশন গঠনসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। কমিশনের চেয়ারপারসন হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। কমিশনের চার কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সদস্য মো. নূর খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শরিফুল ইসলাম, গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সদস্য নাবিলা ইদ্রিস এবং মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৬-এর উপধারা (১) অনুযায়ী রাষ্ট্রপতি বাছাই কমিটির সুপারিশক্রমে কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দিয়েছেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সোমবার স্বাক্ষরিত হবে
গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ওই সময়ে কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ ও অন্য সদস্যরা পদত্যাগ করেন। ওই বছরের নভেম্বর থেকে জাতীয় মানবাধিকার কমিশনে অচলাবস্থা বিরাজ করছিল। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার জাতীয় মানবাধিকার কমিশন আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করে। এর ধারাবাহিকতায় সম্প্রতি কমিশনের চেয়ারপারসন ও কমিশনার নিয়োগের লক্ষ্যে আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে একটি বাছাই কমিটি করা হয়। বাছাই কমিটির সুপারিশে এ নিয়োগ সম্পন্ন হলো।





