সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দীন আহমেদ মারা গেছেন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:২১ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক অ্যাটর্নি জেনারেল ও জ্যেষ্ঠ আইনজীবী সালাউদ্দীন আহমেদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৭ বছর।

রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি জানান, সালাউদ্দীন আহমেদ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন: ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৮ সালের ২০ জুলাই তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান এবং ২০০৯ সালের ১২ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৭ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন পড়া শুরু করে তিনি ১৯৮০ সালে আইন পেশায় প্রবেশ করেন। ১৯৮২ সালে হাইকোর্টে এবং ২০০২ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

আরও পড়ুন: বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

শিক্ষাজীবনে তিনি ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি, ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম অর্জন করেন। এছাড়া ১৯৬৯ সালে লন্ডন স্কুল অব ইকনমিক্স থেকে অর্থনীতিতে স্নাতক ও ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

আইন পেশায় আসার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে শিক্ষকতাও করেছেন।