দেশের সব বিমানবন্দরে সাইবার সতর্কতা জারি করেছে বেবিচক

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:৩২ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লন্ডন, ব্রাসেলস ও বার্লিনের বিমানবন্দরে সাম্প্রতিক সাইবার হামলার প্রেক্ষিতে দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সাইবার নিরাপত্তা জোরদারে ইতিমধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষকে ১০ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র জানায়, বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খানের স্বাক্ষরিত ওই নির্দেশনাপত্র দেশের সব বিমানবন্দর প্রধান এবং সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার

নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সাইবার হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশে বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে তাই সবাইকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে।

প্রধান নির্দেশনাগুলো হলো— শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, সন্দেহজনক ই-মেইল ও লিংক এড়িয়ে চলা, নিয়মিত সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা, মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (MFA) চালু রাখা।

আরও পড়ুন: কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

এছাড়া, কোনো ধরনের সাইবার নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএএবি সার্ট টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করতে বলা হয়েছে।

জানা গেছে, গত মাসেই বেবিচকের ওয়েবসাইটে একটি সাইবার হামলার ঘটনা ঘটে। যদিও তাতে বড় ধরনের ক্ষতি হয়নি, তবে কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।

গত ১৫ সেপ্টেম্বর বেবিচকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সাইবার হামলার ঝুঁকি ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে উল্লেখ করা হয়, লন্ডনের কয়েকটি বিমানবন্দরে সাইবার হামলার কারণে ফ্লাইট পরিচালনা বন্ধ রাখতে হয়েছিল। এই প্রেক্ষাপটে বাংলাদেশেও আগাম সতর্কতা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি ইতিমধ্যে বেবিচকের সাইবার ঝুঁকি মূল্যায়ন করেছে এবং দ্রুত একটি অভিজ্ঞ সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান নিয়োগের পরামর্শ দিয়েছে।