প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:৩৭ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনটি হবে গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।

সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) এক অনুষ্ঠানের সাইডলাইনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হচ্ছে ভারতীয় ভিসা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টাকে আগামী কপ৩০ জলবায়ু সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানান। এর জবাবে অধ্যাপক ইউনুস বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই প্রস্তুতি নিয়ে আমি হয়তো সম্মেলনে অংশ নিতে পারব না।”

তিনি আরও বলেন, এই নির্বাচন হবে বাংলাদেশের জন্য একটি বাস্তব ও ঐতিহাসিক মুহূর্ত। কারণ এটি হবে গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন। পূর্ববর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো ছিল ভুয়া ও কারচুপিপূর্ণ।”

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে দেশে ১০ বার ভূমিকম্পে চারদিকে আতঙ্ক

বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন। এ সময় অধ্যাপক ইউনুস ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। লুলা আমন্ত্রণ গ্রহণ করে ফেব্রুয়ারির মধ্যে সফরের আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, এই সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদার করবে। ব্রাজিল বাংলাদেশের ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার অভিজ্ঞতা থেকে শিখতে চায়।

অন্যদিকে প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশও ব্রাজিলের সার্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা থেকে অভিজ্ঞতা নিতে আগ্রহী।

বৈঠকের এক পর্যায়ে দুই নেতা ফুটবল নিয়ে বন্ধুত্বপূর্ণ কথোপকথন করেন। অধ্যাপক ইউনুস হাসতে হাসতে বলেন, বাংলাদেশের প্রতিটি গ্রামেই ব্রাজিলের সমর্থক আছে।