নির্বাচন ফেব্রুয়ারিতেই, তফসিল ডিসেম্বরে: ইসি আনোয়ারুল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:৩১ পূর্বাহ্ন, ০১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডিসেম্বরের প্রথম ভাগে তফসিল ঘোষণা ও আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

আরও পড়ুন: বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক জোরদারে স্বাক্ষর হলো ৩ গুরুত্বপূর্ণ দলিল

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, আগামী ফেব্রুয়ারিতেই রমজান মাসের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের কর্মপরিকল্পনা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে। তিনি আশা প্রকাশ করেন, মিডিয়ার সহযোগিতায় আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারবে নির্বাচন কমিশন।

তিনি আরও জানান, গণভোট সংসদ নির্বাচনের আগে হবে না পরে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে সে তথ্যও নির্বাচন কমিশনের কাছে পৌঁছায়নি।

আরও পড়ুন: আইটি-সেমিকন্ডাক্টর ও শ্রমবাজারে সহযোগিতা বাড়ানোর আশাবাদ তারেক রহমানের

প্রশ্নের জবাবে ইসি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হবে কি না, এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয় এবং রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষা চলছে।

নির্বাচনী প্রতীকের বিষয়ে তিনি বলেন, নির্বাচন পরিকল্পনা বিধিমালার মধ্যে কতগুলো প্রতীকের একটি তফসিল থাকে। এটি সময় সময় নির্বাচন কমিশন পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করে। এ সম্পর্কিত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

আনোয়ারুল ইসলাম আরও জানান, প্রবাসী ভোটারদের জন্য নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু হবে এবং যারা কয়েদি আসামি রয়েছেন, তারাও যাতে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।