নতুন ৫ পণ্য যুক্ত হচ্ছে টিসিবির তালিকায়

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:৪৩ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামে নিম্নবিত্ত মানুষের কষ্ট লাঘবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য তালিকায় নতুন পাঁচটি পণ্য যুক্ত করা হচ্ছে। এসব পণ্যের মধ্যে রয়েছে—চা পাতা, লবণ, ডিটারজেন্ট এবং দুই ধরনের সাবান।

রোববার (২ নভেম্বর) টিসিবির চট্টগ্রাম কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে সন্ধ্যা পর্যন্ত কার্যালয়ে এসব পণ্য সরবরাহ করা হয়নি।

আরও পড়ুন: হঠাৎ কেন দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ করলো সরকার

সংশ্লিষ্টরা জানান, চলতি সপ্তাহের শেষ বা আগামী সপ্তাহের শুরুর দিকে এ পণ্য বিতরণ শুরু হবে। এবারও নগরীর কার্ডধারীদের প্যাকেজের মধ্যে চাল, মসুর ডাল, সয়াবিন তেল ও চিনি দেওয়া হবে। তবে উপজেলা পর্যায়ে ৫০ হাজার স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবার পাইলট কর্মসূচির আওতায় আগের প্যাকেজের সঙ্গে নতুন করে চা পাতা, লবণ, লাক্স সাবান, কাপড় ধোয়ার সাবান ও ডিটারজেন্ট পাউডার পাবেন।

চট্টগ্রাম মহানগরীর জন্য টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের বরাদ্দ রয়েছে ৩ লাখ ৯৬৩টি। এর মধ্যে এখন পর্যন্ত মাত্র ৬০ হাজার পরিবার কার্ড পেয়েছে। ১৫ উপজেলা পর্যায়ে বরাদ্দ রয়েছে ২ লাখ ৩৫ হাজার। এখন পর্যন্ত ১ লাখ ৬০ হাজার পরিবার কার্ড পেয়েছে।

আরও পড়ুন: কৃষকদের স্বচ্ছল করতেই ‘কৃষক কার্ড’ চালু: প্রধানমন্ত্রী

স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা ডিলারের কাছে তাদের কার্ড প্রদর্শন করে প্রতি কেজি ৩০ টাকায় ৫ কেজি চাল, প্রতি লিটার ১০০ টাকায় ২ লিটার সয়াবিন তেল, প্রতি কেজি ৬০ টাকায় ২ কেজি মসুর ডাল ও ৭০ টাকায় ১ কেজি চিনি নিতে পারবেন। এই চারটি প্যাকেজের মূল্য ৫৪০ টাকা।

উপজেলা পর্যায়ে যারা চা পাতা, লবণ, লাক্স সাবান, কাপড়ের সাবান ও ডিটারজেন্ট পাউডার পাবেন, তাদের ক্ষেত্রে আগের প্যাকেজ মূল্যের সঙ্গে এই পাঁচটি পণ্যের দাম যুক্ত হবে।

টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক অফিস প্রধান মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, “টিসিবির পণ্যে ৫ নতুন পণ্য যুক্ত হচ্ছে। তবে এখনো সরবরাহ পাইনি। ৭ নভেম্বরের মধ্যে নতুন পণ্য পেতে পারি। পেলেই শুরু হবে এসব পণ্য বিতরণ।”