অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচনে অংশ নেবেন: উপদেষ্টা আসিফ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত আরও অনেকেই নির্বাচনে অংশ নেবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা আসিফ বলেন, “আমি নির্বাচনে অংশ নেবো সে ঘোষণা দিয়েছি। আমরা দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আরও অনেকেই নির্বাচন করবেন।“
আরও পড়ুন: দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান: মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়
নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি প্রসঙ্গে আসিফ বলেন, “নির্বাচনে অংশগ্রহণ করার আগে পদত্যাগ করবো এবং তারপরেই নির্বাচনে অংশ নেব। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।”
তিনি আরও জানান, সরকারি প্রক্রিয়া বা নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়ে উচ্চপর্যায়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। কোন রাজনৈতিক দল থেকে নির্বাচনে অংশ নেবেন কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজনৈতিক বিষয়ে মন্তব্য না করাই ভালো।”
আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি, ওয়াকআউট বিরোধী দলের
উপদেষ্টা আসিফ এও হুঁশিয়ারি দিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পেলে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করতে পারে এবং প্রমাণ পাওয়া গেলে সরকার ব্যবস্থা নেবে।





