বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:৩৬ পূর্বাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন। এ সংক্রান্ত গেজেট যেকোনো সময় প্রকাশ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, আগামী ২৮ ডিসেম্বর প্রধান বিচারপতি হিসেবে শপথ নিতে পারেন জুবায়ের রহমান চৌধুরী।

আরও পড়ুন: ১১ মে থেকে ৭২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, অতিরিক্ত দাম নিলে ব্যবস্থা

সংবিধান অনুযায়ী বয়সসীমা পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। অবসরের আগে তিনি বিচারিক দায়িত্ব শেষ করে বর্তমানে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন।

প্রধান বিচারপতির অনুপস্থিতিতে ইতোমধ্যে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন জুবায়ের রহমান চৌধুরী। ফলে তার স্থায়ী নিয়োগকে আনুষ্ঠানিকতা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

জুবায়ের রহমান চৌধুরীর বিচারিক জীবনের শুরু ১৯৮৫ সালে, যখন তিনি জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরবর্তীতে ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশায় যুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়।

দীর্ঘ বিচারিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

শিক্ষাজীবনে জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম সম্পন্ন করেন। পরে যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিচার বিভাগে তার দীর্ঘ অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও গ্রহণযোগ্যতার কারণে তাকে দেশের সর্বোচ্চ বিচারিক পদে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।