‘বিদায় নিতে প্রস্তুত, অনেক উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন’

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৪৭ অপরাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, তারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তুত। এরই মধ্যে অনেকে তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাসাবোতে অবস্থিত ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার মিলনায়তন-এ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে।

আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

প্রধান অতিথির বক্তব্যে খালিদ হোসেন বলেন, “একবার ক্ষমতায় বসতে পারলে ছলেবলে ও কৌশলে চেয়ার ধরে রাখার প্রবণতা এদেশে রয়েছে। কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার দিন থেকেই বিদায়ের প্রস্তুতি নিয়ে রেখেছি। অনেকে ইতিমধ্যেই কূটনৈতিক পাসপোর্ট স্যারেন্ডার করেছেন।”

তিনি আরও বলেন, “আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে এবং ঘরে ফেরার জন্য মানসিকভাবে প্রস্তুত। একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন, তাদের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব।”

আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু

ড. খালিদ হোসেন বিশ্বাস করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক মাইলফলক হবে। তিনি বলেন, “ওই দিন গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে দেশে আর কোনোদিন স্বৈরতন্ত্রের জন্ম হবে না। ক্ষমতার ভারসাম্য তৈরি হবে এবং দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। তাই সবাইকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে হবে।”