গণতন্ত্রের পথে বাংলাদেশ, এই যাত্রা গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৪০ পূর্বাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ যে গণতান্ত্রিক যাত্রায় প্রবেশ করেছে, সেই যাত্রা সফল পরিণতিতে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন হাইস্কুল কেন্দ্র ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, সাম্প্রতিক সময়ে তিনি দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে কথা বলেছেন এবং সবাইকে কঠোরভাবে নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়েছেন। “আমি স্পষ্টভাবে বলেছি—কারো পক্ষে কাজ করার সুযোগ নেই। শুধু নিজে নিরপেক্ষ থাকলেই হবে না, আশপাশের সবাইকেও নিরপেক্ষ রাখতে হবে,” বলেন তিনি। এ সময় বিভাগীয় কমিশনারের উপস্থিতির কথাও উল্লেখ করেন সিইসি।

আরও পড়ুন: ভোটগ্রহণের শুরুটা ভালো হয়েছে: কমনওয়েলথ পর্যবেক্ষক দল

নিজের দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরে নাসির উদ্দিন বলেন, জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে নির্বাচন কমিশনের প্রধান হিসেবে একটি ইতিবাচক অবদান রাখাই তার লক্ষ্য। তিনি জানান, সেই দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর ছবি নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে উল্লেখ করে সিইসি বলেন, এসব কনটেন্ট পুরোপুরি নিয়ন্ত্রণ করা বাস্তবসম্মত নয়। অনেক ক্ষেত্রেই এসব অপপ্রচার দেশের বাইর থেকে ছড়ানো হচ্ছে। এ কারণে মূলধারার গণমাধ্যমের তথ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি এবং জনগণকেও তথ্য যাচাই করে শেয়ার করার অনুরোধ করেন।

আরও পড়ুন: কেন্দ্রে স্বস্তি, ভোট দিতে পেরে খুশি— বলছেন ভোটাররা

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এবারের নির্বাচন একটি ব্যতিক্রমী মাত্রা যোগ করেছে। রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সর্বোচ্চ সংখ্যক দল ও প্রতীকের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২০২৮ জন প্রার্থী নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।