দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৫৮ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “সংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মহান শিক্ষায় সমৃদ্ধ রমজান মানবজাতির জন্য শান্তি, কল্যাণ ও নৈতিকতার বার্তা বয়ে আনে।”

আরও পড়ুন: নির্বাচন–পরবর্তী দুই দিনে ৩০ জেলায় দুই শতাধিক সহিংসতা: নিহত ৩

ড. মুহাম্মদ ইউনূস বলেন, এই মহিমান্বিত মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সকলের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতি বৃদ্ধি পায়। এটি মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা পাওয়ার এক অনন্য সুযোগ।

তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তি ও জাতীয় জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়। এই মাস ইবাদত-বন্দেগির পাশাপাশি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষদের প্রতি সকলের দায়বদ্ধতা জাগ্রত করে।

আরও পড়ুন: সরকার ছোট করার পরিকল্পনা, বিএনপির মন্ত্রিসভায় কারা থাকতে পারেন?

প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ-বিলাস ও হিংসা-বিদ্বেষ পরিহার করি। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি বেশি ইবাদত, কোরআন তিলাওয়াত, দোয়া ও সৎকর্মে মনোনিবেশ করি এবং রমজানের পবিত্রতা রক্ষা করি।”

পরিশেষে তিনি প্রার্থনা করেন, মহান আল্লাহ যেন আমাদের রোজা, নামাজ ও সকল নেক আমল কবুল করেন এবং দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধি দান করেন। আমিন।