মামলাবাজির মাধ্যমে হয়রানি বন্ধ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:২৩ পূর্বাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মামলাবাজির মাধ্যমে কাউকে হয়রানি করা হলে তা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: দ্বিগুণ হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতা

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পাঁচ আগস্টের পর এমন অনেক মামলা হয়েছে, যেখানে শত শত এমনকি হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে। আমাদের কাছে তথ্য এসেছে—কিছু সুবিধাবাদী শ্রেণি হয়রানির উদ্দেশ্যে এসব মামলা করেছে। সেগুলো যাচাই-বাছাই করে আমরা শনাক্ত করব। মামলাবাজির মাধ্যমে যদি কারও হয়রানি করা হয়ে থাকে, সেটি অবশ্যই বন্ধ করতে হবে।”

মামলা প্রত্যাহার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, যেসব মামলা প্রত্যাহার করা হয়েছে, সেগুলোর মধ্যে হত্যা, মাদক এবং নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত মামলাগুলো অন্তর্ভুক্ত নয়। এসব বাদ দিয়ে অন্যান্য মামলাগুলো আমলে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধেও বহু হত্যা মামলা রয়েছে। অস্ত্র ও বিস্ফোরক মামলাও আছে।”

আরও পড়ুন: বিরোধী দলের ওপর ‘স্বৈরাচারের ভূত’ ভর করেছে: তারেক রহমান

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে সরকার নতুন করে একটি উদ্যোগ নিয়েছে। তবে এ প্রক্রিয়ায় যেন কোনো ধরনের অপব্যবহার না হয়, সে বিষয়ে কঠোর যাচাই-বাছাই করা হবে।