কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম মতবিনিময়
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, “আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি। তাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদেরকেই কাজ করতে হবে।”
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বিদেশে নয়, সন্ধ্যার পর দেশে ডোবার পাশে অবস্থান করলেই মশক নিধনের উদ্ভাবনী সম্ভব
কর্মকর্তা-কর্মচারীরাও সরকারের অংশ—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। সরকার তখনই ভালো করবে, যখন সবাই সম্মিলিতভাবে সহযোগিতা করবে।
স্বাস্থ্য ও শিক্ষা খাত, নারী শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়াসহ নির্বাচনি ইশতেহারে উল্লেখিত সব এজেন্ডা বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চান তিনি। প্রধানমন্ত্রী বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নির্বাচনি ম্যানিফেস্টো বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। তাই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে হবে।
আরও পড়ুন: কামরুল ইসলামকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার পদে নিয়োগ
দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সবাইকে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে নাগরিকরা নিরাপদ বোধ করেন। পাশাপাশি দেশ থেকে দুর্নীতি দূর করতেও কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তা রক্ষা এবং সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে মেনে চলার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। জাতিকে একটি সুশৃঙ্খল অবস্থানে নিয়ে যেতে প্রজাতন্ত্রের কর্মচারীদের পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর জোর দেন তিনি।
সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহ্দী আমিন উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন।
পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গঠন ও কার্যাবলী বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন দপ্তর-সংস্থার প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা মতবিনিময় সভায় অংশ নেন।





