ডিজিএফআই কর্মকর্তার বৈঠকের পর বাংলাদেশের পলাতক সন্ত্রাসীদের পাকড়াও চলছে
বাংলাদেশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ হাদি হত্যা মামলার দুই প্রধান আসামিকে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে আটক করেছে ভারতীয় স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।
মামলা সূত্রে জানা গেছে, এসটিএফ ডব্লিউবি হেডকোয়ার্টার্স পুলিশ স্টেশন (STF WB HQs PS)-এ নথিভুক্ত মামলা নং ০৯/২০২৬ (তারিখ: ৮ মার্চ ২০২৬) অনুযায়ী অভিযান চালিয়ে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭), বাসিন্দা পটুয়াখালী এবং আলমগীর হোসেন (৩৪), বাসিন্দা ঢাকা—এই দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
আরও পড়ুন: প্রাথমিক ও গণশিক্ষা সচিব হলেন মিজ জেসমিন নাহার
গোয়েন্দা সূত্রে জানা যায়, শহীদ হাদি হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা অবৈধভাবে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। পরে ভারতের বিভিন্ন এলাকায় অবস্থান করার পর পুনরায় বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বনগাঁ এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল।
বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৭ ও ৮ মার্চ ২০২৬ তারিখের মধ্যবর্তী রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আরও পড়ুন: নদীদূষণ রোধে সমন্বিত ও কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
এ বিষয়ে একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। আটক দুই আসামিকে সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য দিক খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





