১৬ মার্চ খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলা-তে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আরও পড়ুন: পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি করা হলো
প্রতিমন্ত্রী জানান, ১৬ মার্চ প্রধানমন্ত্রী উদ্বোধন করার পাশাপাশি দেশের আরও ৫৪টি জেলায় সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে একযোগে খাল খনন কর্মসূচির সূচনা করবেন। পানিসম্পদ, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে এই বিশাল প্রকল্প বাস্তবায়িত হবে।
মীর শাহে আলম বলেন, “এটি শুধুমাত্র একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঙ্গীকার। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যন্ত্রপাতি ব্যবহারের পরিমাণ কমিয়ে অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ কাজ স্থানীয় শ্রমিকদের দিয়ে সম্পন্ন করতে হবে। এতে গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।”
আরও পড়ুন: গণভোটের আগে সংসদ-সংবিধান সংস্কারে আলোচনার পথেই সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী চাইছেন এই কর্মসূচিতে শুধু শ্রমিক নয়, স্বেচ্ছাসেবী সংগঠন এবং হাইস্কুল ও কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীদেরও সম্পৃক্ত করা হোক। তরুণ প্রজন্মকে দেশের উন্নয়নে সরাসরি অংশগ্রহণের সুযোগ দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।
অতীতে খাল খনন প্রকল্পের নামে অর্থ লোপাটের যে সংস্কৃতি ছিল, তা এবার সরকার কঠোরভাবে বন্ধ করতে যাচ্ছে। মীর শাহে আলম বলেন, “জনসম্পৃক্ততা বাড়ানো হয়েছে বলেই অনিয়মের সুযোগ কমে যাবে। স্থানীয় মন্ত্রী ও এমপিরা সরাসরি মাঠে উপস্থিত থেকে কাজ তদারকি করবেন। সাধারণ মানুষ যখন নিজের চোখে কাজ দেখবে, তখন দুর্নীতি করা প্রায় অসম্ভব হবে।”





