সাংবাদিক কল্যাণ ট্রাস্ট পুনর্গঠন

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ৪:১৯ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ড গঠন করেছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪–এর ধারা অনুযায়ী নির্ধারিত সদস্যদের সমন্বয়ে তিন বছরের জন্য এই ট্রাস্ট বোর্ড গঠন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস–২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্রাস্টের ১৩তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইহসান খান চৌধুরী এমপি ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত ভারতের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

নতুন বোর্ডে সদস্য হিসেবে রয়েছেন প্রধান তথ্য অফিসার (তথ্য অধিদপ্তর), প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব, অর্থ বিভাগের মনোনীত একজন যুগ্মসচিব পর্যায়ের কর্মকর্তা, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মুখ্যসচিব (প্রেস)।

সাংবাদিক প্রতিনিধি হিসেবে বোর্ডে অন্তর্ভুক্ত হয়েছেন আওয়ারুল কবির মৃধা (বার্তা সম্পাদক, দৈনিক দিনকাল), মো. রেজাউল করিম (সোহেল) (বিশেষ প্রতিনিধি, দৈনিক দেশ রূপান্তর), মনোরঞ্জন রায় (সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা—বাসস), কাওছার হোসেন শওকত (সাবেক সিটি এডিটর, দৈনিক বাংলাদেশের খবর) এবং মো. আবুল কালাম আজাদ (কোলাম আজাদ) (সাধারণ সম্পাদক, খুলনা প্রেস ক্লাব)।

আরও পড়ুন: রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

এ ছাড়া বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বোর্ডের সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন এই ট্রাস্ট বোর্ড বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪ অনুযায়ী ট্রাস্টের দায়িত্ব ও কার্যক্রম পরিচালনা করবে।