ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ন, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ১২:৪৬ অপরাহ্ন, ১২ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তার নাম ডেপুটি স্পিকার পদে প্রস্তাব করা হয়। পরে সংসদ সদস্যদের সমর্থনের মাধ্যমে তিনি এ পদে নির্বাচিত হন।

আরও পড়ুন: মন্ত্রী হলেন টাঙ্গাইল-৮ আসনের এমপি আহমেদ আযম খান

এর আগে একই দিনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে প্রায় ৭২ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

আরও পড়ুন: স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

১৯৭২ সালের ৩১ ডিসেম্বর নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চত্রাংপুর গ্রামে তার জন্ম। তার বাবা প্রয়াত মোস্তফা কামাল মনছুর এবং মা বেগম যোবায়দা কামাল। পারিবারিকভাবেই রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের ধারার মধ্যেই তার বেড়ে ওঠা।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে ব্যারিস্টার ডিগ্রি লাভ করেন। আইন পেশার পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

বৃহস্পতিবার স্পিকারের চেয়ার শূন্য রেখেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য দেন।

বক্তব্যে তিনি গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বলেন, দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হয়েছে।

এ সময় তিনি সংসদের কার্যক্রম পরিচালনার জন্য পাঁচবারের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতিত্ব করার প্রস্তাব দেন। পরে সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই প্রস্তাবে সমর্থন জানান।