ডিসেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র-এর প্রথম ইউনিট থেকে উৎপাদিত ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার পরিকল্পনা কমিশনে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।
আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আগামী ৭ এপ্রিল এই বিদ্যুৎকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ‘ফুয়েল লোডিং’ কার্যক্রম শুরু হবে। এ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে জুন-জুলাই মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, পরীক্ষামূলক উৎপাদন শুরু হওয়ার পর থেকেই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে থাকবে। তবে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় অর্থাৎ ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ নিয়মিতভাবে সরবরাহ শুরু হতে পারে চলতি বছরের ডিসেম্বর নাগাদ।
আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষামূলক উৎপাদনের সময় বিদ্যুৎকেন্দ্র সরাসরি পূর্ণ সক্ষমতায় পরিচালিত হয় না। এ কারণে জুন-জুলাইয়ে উৎপাদন শুরুর পর ধাপে ধাপে উৎপাদনের পরিমাণ বাড়ানো হবে।
ডিসেম্বর মাসে পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর আগে বিভিন্ন ধাপে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।





