২০০৬ সালে বাতিল করা ৩৩০ পুলিশ সার্জেন্ট ও এসআই জ্যেষ্ঠতাসহ যোগদানের নির্দেশ
প্রায় দুই দশক আগে ২০০৬ সালে বিএনপি জোট সরকারের সময় বাছাইয়ের পর নিয়োগের অপেক্ষায় থাকা ৩৩০ জন পুলিশের সার্জেন্ট ও এসআইকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কয়েকটি শর্ত সাপেক্ষে তাদের আর্থিক সুবিধা ছাড়া ভূতাপেক্ষ জ্যেষ্ঠতাসহ চাকরির সুযোগ দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ১২৩ জন সার্জেন্ট এবং ২০৭ জন এসআই (নিরস্ত্র)।
আরও পড়ুন: পরিবেশ রক্ষায় সৈকতকে স্থাপনামুক্ত রাখতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালে ‘দলীয় বিবেচনায়’ এসব প্রার্থীকে পুলিশে চাকরি দেওয়া হচ্ছে অভিযোগ তুলে নিয়োগের আদেশ বাতিল করা হয়েছিল।
সোমবার ওই ‘দলীয় বিবেচনায়’ বাতিল করা নিয়োগ আদেশ প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আরও পড়ুন: ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জ্বালানিবাহী জাহাজ খালাস, আরও ২ দেশের পথে
প্রায় দেড় যুগ পর আবার সরকার গঠনের এক মাসের মাথায় বাতিল হওয়া সেই ৩৩০ জনকে নিয়োগের সিদ্ধান্ত নিল বিএনপি নেতৃত্বাধীন সরকার।
আদেশে বলা হয়েছে, কিছু শর্ত সাপেক্ষে ২০০৬ সালে নিয়োগের জন্য বাছাই করা এসব সার্জেন্ট ও এসআইদের (নিরস্ত্র) ২০০৭ সালে ‘দলীয় বিবেচনায় বাতিলকৃত নিয়োগ আদেশ প্রত্যাহার‘ করা হল।
শর্তগুলো হল
২০০৭ সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল না হলে আবেদনকারীরা স্বাভাবিক নিয়মে যে তারিখে সরকারি চাকরিতে যোগ দিতেন, সেই তারিখ থেকে তাদের ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা (আর্থিক সুবিধা ব্যতীত) নির্ধারণ।
আবেদনকারীদের মৌলিক প্রশিক্ষণকাল ৬ মাসসহ শিক্ষানবিশকাল সর্বমোট দুই বছর নির্ধারণ।
লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এ সংক্রান্ত বিধি-বিধান অনুসরণ করে পরে বিবেচ্য ব্যাচের গ্রেডেশন তালিকা নির্ধারণ।
আদেশে একই সঙ্গে নিয়োগের জন্য বাছাই চূড়ান্ত করা এসব প্রার্থী ছাড়াও একই ব্যাচের অন্য কোনো প্রার্থী ভবিষ্যতে চাকরি ফেরত পাওয়ার আবেদন করলে একই প্রক্রিয়া অনুসরণ করে (গঠিত কমিটি কর্তৃক প্রার্থীর বৈধতা যাচাই এবং পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা সাপেক্ষে) সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এসব নির্দেশনা মেনে সেই ৩৩০ জনকে যথাযথ আইন ও বিধি অনুসরণ করে নিয়োগ দিতে পুলিশ মহাপরিদর্শককে (আইজি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।





