ঈদযাত্রায় পদ্মা সেতুতে টোল রেকর্ড

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ন, ১৯ মার্চ ২০২৬ | আপডেট: ৩:১৫ অপরাহ্ন, ২১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের ঢল নামায় পদ্মা সেতুতে যানবাহন পারাপার ও টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার এই সেতু দিয়ে মোট ৪১ হাজার ৮৮৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে দুই প্রান্তের টোল প্লাজা থেকে মোট ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা টোল আদায় করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সেতু কর্তৃপক্ষের দেওয়া তথ্যে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এই বিপুল পরিমাণ যানবাহন চলাচল ও টোল আদায়ের ঘটনা ঘটে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সেতুর দুই প্রান্তেই নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি।

আরও পড়ুন: অতিরিক্ত দামে এলপিজি বিক্রি করলেই ব্যবস্থা, বাজার তদারকিতে ডিসিদের নির্দেশ

পরিসংখ্যান অনুযায়ী, এক দিনে সবচেয়ে বেশি যানবাহন পার হয়েছে মাওয়া প্রান্ত দিয়ে। এ প্রান্ত দিয়ে ২৮ হাজার ৩৯০টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৬ লাখ ৯৫ হাজার ৫৫০ টাকা। অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে ১৩ হাজার ৪৯৫টি যানবাহন পার হয়ে টোল আদায় হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৯ হাজার ৭০০ টাকা।

যানবাহনের চাপ বাড়লেও হাইওয়ে পুলিশ ও সেতু কর্তৃপক্ষের সমন্বিত ব্যবস্থাপনায় এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মোটরসাইকেলের জন্য আলাদা লেন এবং টোল প্লাজায় অতিরিক্ত বুথ চালু থাকায় যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না।

আরও পড়ুন: কাস্টমস কর্মকর্তা আবু হানিফ আহাদের অপসারণ ও বিচার দাবিতে মানববন্ধন

সরেজমিনে দেখা গেছে, মাওয়া ও জাজিরা উভয় প্রান্তেই ঘরমুখী মানুষের ভিড় থাকলেও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তিতে রয়েছেন যাত্রীরা। দ্রুত টোল আদায়ের জন্য ডিজিটাল ও ম্যানুয়াল—দুই পদ্ধতিই সচল রাখা হয়েছে।

পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, সকাল থেকেই কোনো ধরনের যানজট ছাড়াই সব ধরনের যানবাহন পারাপার হচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে টোল প্লাজা এলাকায় বিশেষ পর্যবেক্ষণ টিম কাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করেছে।

পদ্মা সেতু চালুর পর এটি অন্যতম সর্বোচ্চ টোল আদায়ের ঘটনা বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্টদের ধারণা, ঈদের আগের দিনগুলোতে যানবাহনের চাপ আরও বাড়তে পারে। তবে পর্যাপ্ত প্রস্তুতি থাকায় বড় ধরনের ভোগান্তির আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দক্ষিণবঙ্গের মানুষের যাতায়াতে ফেরিঘাটের ওপর চাপ কমিয়ে পদ্মা সেতু এখন প্রধান লাইফলাইনে পরিণত হয়েছে। টোল আদায়ের এই বড় অঙ্ক দেশের অর্থনৈতিক অগ্রগতি ও উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রতিফলন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।