ফোনে সাংবাদিক আনিস আলমগীরকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ন, ২১ মার্চ ২০২৬ | আপডেট: ২:৩৯ পূর্বাহ্ন, ০৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সদ্য কারামুক্ত সাংবাদিক আনিস আলমগীরকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় হওয়ার কথা জানিয়েছেন আনিস আলমগীর।

আরও পড়ুন: অলস শিল্পপ্রতিষ্ঠান হবে বিনিয়োগ ও কর্মসংস্থানের কেন্দ্র : বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর ফোন পেয়ে বেশ অবাক হয়েছেন বলে জানিয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। গণমাধ্যমকে তিনি বলেন, 'সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। আমি খুব সারপ্রাইজড। তিনি আমাকে ও আমার স্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। কারাগারে থাকার কথা শুনেছেন।' 

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে উল্লেখ করে আনিস আলমগীর আরও বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানিয়েছি। তিনি আজকে ঈদের নামাজে যে সৌহার্দ্য ও সম্প্রীতি দেখিয়েছেন।'

আরও পড়ুন: দেশে যুক্ত হচ্ছে নতুন ৫ উপজেলা

তিনি আরও বলেন, 'আমি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছি, ২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকে তারেক রহমান অতীতে নেতিবাচক রাজনীতি নিয়ে মন্তব্য করেননি।'

এর আগে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আনিস আলমগীর।

গত ১৪ ডিসেম্বর রাতে গোয়েন্দা পুলিশের একটি দল সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের কথা বলে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। সেদিনই মধ্যরাতে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামে একটি সংগঠনের সদস্য আরিয়ান আহমেদ ‘রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়ার’ অভিযোগে আনিস আলমগীরসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করেন।

এ মামলায় আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলাতেও গ্রেপ্তার দেখানো হয় তাকে। এ সব মামলায় জামিন হলে গত ১৪ মার্চ কারামুক্ত হন এই সাংবাদিক।