সংসদে একদিনে ৭ বিল পাস, উত্থাপন আরও ৩টি গুরুত্বপূর্ণ বিল
জাতীয় সংসদে সোমবার (৬ এপ্রিল) গুরুত্বপূর্ণ সাতটি বিল কণ্ঠভোটে পাস হয়েছে। এর মধ্যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশসহ একাধিক নির্বাচনসংক্রান্ত সংশোধনী বিল অন্তর্ভুক্ত রয়েছে।
পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে— নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল, ভোটার তালিকা সংশোধন বিল, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তী বিশেষ বিধান রহিতকরণ বিল এবং বাংলাদেশ ল অফিসার্স সংশোধন বিল।
আরও পড়ুন: ঢাবিতে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন
এছাড়া সংসদে আরও তিনটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করা হয়েছে। এগুলো হলো— জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ বিল, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল এবং ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিল-২০২৬।
উত্থাপিত এই তিনটি বিলে বিরোধী দল ‘নোট অব ডিসেন্ট’ প্রদান করেছে। ফলে এসব বিলের ওপর বিস্তারিত আলোচনা পরবর্তী অধিবেশনে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি ঘোষণা
সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, বিরোধী দলের মতামত ও বিশ্লেষণের সুযোগ দিতে এসব বিল উত্থাপন করা হয়েছে। তিনি বলেন, আগামী অধিবেশনে এসব বিল নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এদিকে, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিল-২০২৬ অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সংসদে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাস এবং নতুন বিল উত্থাপনের মাধ্যমে আইন প্রণয়নের কার্যক্রমে নতুন গতি এসেছে।





