সংকটের মধ্যেও স্বস্তির বার্তা
চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী চার জাহাজ
মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা চললেও দেশের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
সোমবার (৬ এপ্রিল) বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ জানিয়েছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, এলপিজি ও গ্যাস অয়েল বহনকারী চারটি বড় জাহাজ বর্তমানে চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক প্রকল্পে গভীর রাতে আগুন, ক্ষতিগ্রস্ত সার্ভার রুমসহ বিভিন্ন সরঞ্জাম
বন্দর সূত্রে জানা গেছে, ভারত, মালয়েশিয়া, নাইজেরিয়া ও চীন থেকে এসব জ্বালানি পণ্য নিয়ে জাহাজগুলো গত কয়েক দিনে বন্দরে নোঙর করে। এর মধ্যে এলপিজিবাহী ‘গ্যাস চ্যালেঞ্জার’ গত ৩১ মার্চ ভাটিয়ারী এলাকায় এসে অবস্থান নেয়। মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে আসা ‘শান গ্যাং ফা শিয়ান’ রয়েছে নির্ধারিত জেটিতে।
এছাড়া নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে আসা ‘কুল ভয়েজার’ এবং চীন থেকে এলপিজি বহনকারী ‘গ্যাস জার্নি’ গত ৫ এপ্রিল বন্দরে পৌঁছেছে।
আরও পড়ুন: আগামী ৫ বছরের মধ্যে কামরাঙ্গীরচর সুন্দর শহরে রূপান্তরিত হবে: ডিএসসিসি প্রশাসক
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে এসব জাহাজ থেকে দ্রুত পণ্য খালাসে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই খালাস শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এসব জ্বালানি পণ্য সরবরাহের ফলে চলমান সংকট পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরবে।





