শিক্ষাকে সর্বোচ্চ বিনিয়োগ হিসেবে দেখছে সরকার: প্রধানমন্ত্রী
বর্তমান সরকার শিক্ষাকে জাতির সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, একটি আধুনিক, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মো. সেলিম রেজা-র এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আরও পড়ুন: আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান শুরু: স্বাস্থ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষাখাতে বরাদ্দ ধীরে ধীরে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে ৪৩টি খাত চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ হিসেবে চলতি অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে পর্যায়ক্রমে সব উপজেলায় মিড-ডে মিল বা স্কুল ফিডিং কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করতে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
ডিজিটাল বৈষম্য কমাতে প্রায় দেড় হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা চালু করা এবং শিক্ষার্থী-শিক্ষকদের জন্য ‘এডু-আইডি’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
মাধ্যমিক স্তরে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনাও রয়েছে। এ লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের অংশ হিসেবে আগামী ১৮০ দিনের মধ্যে হাজারো শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট সংযোগ চালু করা হবে। পাশাপাশি স্মার্ট ক্লাসরুম স্থাপন, শিক্ষক প্রশিক্ষণ এবং কারিগরি কোর্স সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, মোবাইল অ্যাপ উন্নয়ন, পাইথন প্রোগ্রামিং এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।





