সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬’ সংসদে পাস
রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে উচ্চশিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৬’-এর গেজেট প্রকাশ করা হয়েছিল, যা এখন সংসদে পাসের মাধ্যমে আইনে পরিণত হলো। নতুন আইনের আওতায় রাজধানীর সাতটি সরকারি কলেজকে একাডেমিক কার্যক্রমের অধীনে আনা হবে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন
এই কলেজগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ।
আইনে উল্লেখ করা হয়েছে, এসব প্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা, গবেষণা, মানসম্মত পাঠ্যক্রম, শিক্ষকতা এবং সনদ প্রদানসহ সার্বিক একাডেমিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। এর মাধ্যমে রাজধানীর উচ্চশিক্ষা ব্যবস্থায় সমন্বয় বৃদ্ধি এবং মানোন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য একটি সমন্বিত ও আধুনিক শিক্ষা কাঠামো তৈরি করবে।





