সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
সংস্কারের কারণে কিছু বিষয়ে আপস করেছি, জুলাই সনদে স্বাক্ষর করেছি
সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্বিত হওয়ার আশঙ্কা থেকে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক সমঝোতা ও আপস করা হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত ভারতের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের একটি তাগাদা ছিল—সংস্কারের নামে যেন নির্বাচন বিলম্বিত না হয়। সে কারণে আমরা কিছু বিষয়ে আপস করেছি, এমনকি জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি।” তিনি আরও বলেন, তৎকালীন রাজনৈতিক বাস্তবতায় ঐক্য ও সমঝোতা ছাড়া বিকল্প কোনো পথ ছিল না।
জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে তিনি জানান, রাষ্ট্রপতির কিছু আদেশ নিয়ে আপত্তি থাকলেও রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছায়। পরে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ করে সনদে স্বাক্ষর করা হয়।
আরও পড়ুন: রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য ও অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, বাক্স্বাধীনতার নামে অশালীনতা বৃদ্ধি পেলে তা সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকি হতে পারে। তিনি বলেন, “নিজেদের নিয়ন্ত্রণ না করলে সমাজের সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে।”
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, মুক্তিযুদ্ধ বা জুলাই আন্দোলনের চেতনা যেন রাজনৈতিক বিভাজনের হাতিয়ার না হয়। বরং এর চেতনা ধারণ করে জাতীয় ঐক্য বজায় রাখা উচিত।
বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি দায়িত্বশীলতা বাড়ায় এবং সরকার ও বিরোধী দলের মধ্যে তথ্য আদান-প্রদানের মাধ্যমে কার্যকর যোগাযোগ গড়ে তুলতে সহায়তা করে।





